বিশেষ প্রতিবেদক:: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থীকে অনেকে “স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন” দাবি করে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে আসছেন দলীয় নেতাকর্মীরা। এতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তির চিত্র দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
মনোনয়ন বঞ্চিত এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক ঘোষণায় কেন্দ্র থেকে যাকে ধনবাড়ী-মধুপুর নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন এবং স্থানীয় রাজনৈতিক কর্মকান্ডে সরাসরি যুক্ত নন। তাদের মতে, দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন-সংগঠন চালিয়ে যাওয়া স্থানীয় নেতাদের উপেক্ষা করা হয়েছে।
এই অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উপজেলাব্যাপী বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করছেন। প্রতিদিন বিকাল ৪টার দিকে ধনবাড়ী ও মধুপুর শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় ‘মনোনয়ন পুনর্বিবেচনার’ দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের।
এ সমস্ত কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কয়েকজন স্থানীয় বিএনপির সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা। তারা বলছেন, “যে প্রার্থীকে দেওয়া হয়েছে, তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত নন। মাঠে নেই, সংগ্রামে নেই, তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগও নেই। এভাবে চাপিয়ে দেওয়া প্রার্থী নিয়ে নির্বাচনে যাওয়া যাবে না।”
এদিকে ঘোষিত মনোনয়নে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এক মনোনয়ন প্রত্যাশী। তার মতে টাঙ্গাইল-১ আসনে ঘোষিত প্রার্থীর তৃণমূলেন নেতাকর্মীদের সাথে কোন ধরণের সম্পৃক্ততা নেই।
অন্যদিকে, কেন্দ্রীয় মনোনীত প্রার্থীর ঘনিষ্ঠ একটি অংশ বলছে, কিছু সুবিধাভোগী ও অসন্তুষ্ট মহল পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। মূল দলের বড় অংশই সিদ্ধান্তের প্রতি অনুগত রয়েছে। সময়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন নিয়ে দীর্ঘস্থায়ী বিভাজন অব্যাহত থাকলে নির্বাচনী মাঠে বিএনপি সংগঠনিকভাবে দুর্বল হয়ে যেতে পারে। একইসঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এ সুযোগ কাজে লাগানোর তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে জেলা বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, নেতাকর্মীদের দাবির বিষয়ে কেন্দ্রীয় নেতারা অবহিত হয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মধুপুর
মনোনয়ন বিরোধে টাঙ্গাইল-১ বিএনপিতে অস্থিরতা, প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ
News Editor
|
09 November, 2025, 05:42 AM
|
128 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।